আফগানিস্তান সীমান্তে চলমান রক্তক্ষয়ী সংঘর্ষে এখন পর্যন্ত ২২৮ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। আজ শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরার।
পাকিস্তান সেনাবাহিনীর ওই মুখপাত্র জানান, সংঘর্ষে অন্তত ৩১৪ জন তালেবান যোদ্ধা আহত হয়েছেন। এ ছাড়া তালেবানের ৭৪টি সামরিক চৌকি পুরোপুরি ধ্বংস এবং ১৮টি চৌকি পাকিস্তান সেনাবাহিনী নিজেদের দখলে নিয়েছে বলে দাবি করা হয়েছে। দুই পক্ষের এই সংঘর্ষে এখন পর্যন্ত ২৭ পাকিস্তানি আহত হয়েছেন বলে ইসলামাবাদ জানিয়েছে।
এর আগে আজ সকালেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি ১৩৩ জন তালেবান যোদ্ধা নিহত ও ২০০ জনের বেশি আহত হওয়ার তথ্য দিয়েছিলেন। বিকেলের মধ্যে সেই সংখ্যা আরও বাড়ল বলে দাবি করল সেনাবাহিনী।
তবে পাকিস্তান সেনাবাহিনীর দেওয়া এই সংখ্যার সঙ্গে তালেবান সরকারের দেওয়া তথ্যের বড় ধরনের গরমিল দেখা গেছে। তালেবান প্রশাসনের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল, সংঘর্ষে তাদের মাত্র ৮ জন যোদ্ধা নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
সূত্র: আল-জাজিরা।