গতকাল বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের কাবুলে পাকিস্তানের বিমান হামলার লক্ষ্যবস্তু হওয়া এলাকার খুব কাছে দাশতি বারচি এলাকার অবস্থান। সেখানকার এক বাসিন্দা বলেছেন, বিস্ফোরণের কারণে তাঁর বাড়ি প্রচণ্ডভাবে কেঁপে উঠেছিল।
ওই বাসিন্দা বলেন, ‘প্রথমে আমরা ভেবেছিলাম ভূমিকম্প হয়েছে। কারণ কয়েক দিন আগে কাবুলে ভূমিকম্প হয়েছে। এরপর একটি জোরালো বিস্ফোরণের শব্দ শুনতে পাই।’ খবর বিবিসির।
নিরাপত্তাজনিত কারণে ওই বাসিন্দা তাঁর নাম প্রকাশ করতে রাজি হননি। তিনি আরও বলেন, বিস্ফোরণের পর দাশতি বারচির বাসিন্দারা দ্রুত ঘর থেকে বেরিয়ে আসেন এবং পুরো রাত জেগে থাকেন। ভয়ে কেউ আর ঘুমাতে পারেননি।
ওই বাসিন্দা আরও বলেন, বিস্ফোরণের কিছুক্ষণ পর কাবুলের আকাশে জেট বিমান উড়তে দেখা গেছে। তখনকার পরিস্থিতি বর্ণনা করে তিনি বলেন, ‘যখন আমরা জেটগুলো মাথার ওপর দিয়ে যেতে দেখলাম, বুঝতে পারলাম সেগুলো পাকিস্তানি যুদ্ধবিমান।’
দাশতি বারচি এলাকার ওই বাসিন্দার ভাষ্য অনুযায়ী, যে এলাকায় হামলা হয়েছে সেটি তাঁর বাড়ি থেকে প্রায় চার–পাঁচ কিলোমিটার দূরে।
‘আমার স্ত্রী ও বাবা-মা খুব ভয় পেয়েছিলেন। আমরা সবাই সারা রাত জেগে ছিলাম।’ বলেন ওই বাসিন্দা।