আফগানিস্তান সীমান্তে চলমান ভয়াবহ সংঘাতের মধ্যে পাকিস্তান ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করেছে। এই অভিযানে এখন পর্যন্ত ২৭৪ জন সশস্ত্র বিদ্রোহী ও তালেবান সদস্য নিহত এবং ৪০০-র বেশি আহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।
আইএসপিআর জানায়, পাকিস্তানের সশস্ত্র বাহিনী তালেবানের ৭৩টি সামরিক চৌকি ধ্বংস করার পাশাপাশি ১৮টি নিজেদের দখলে নিয়েছে। এ ছাড়া প্রাথমিক হিসাব অনুযায়ী, আফগান পক্ষের ১১৫টি ট্যাংক, সাঁজোয়া যান ও আর্টিলারি ধ্বংস করা হয়েছে। পাকিস্তান এই সংঘাতকে ‘উন্মুক্ত যুদ্ধ’ বা ‘ওপেন ওয়ার’ হিসেবে অভিহিত করেছে।
উত্তেজনার সূত্রপাত হয় গত বৃহস্পতিবার রাতে। আফগানিস্তানের সেনাবাহিনী খাইবার পাখতুনখোয়ার ডুরান্ড লাইন এলাকায় পাক সেনাচৌকিতে অতর্কিত হামলা চালায়। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, গত ২১ ফেব্রুয়ারি নানগারহার ও পাক্তিয়া প্রদেশে পাকিস্তানের বিমান হামলার প্রতিশোধ হিসেবে তাঁরা এই অভিযান চালিয়েছেন। আফগান পক্ষের দাবি, ওই হামলায় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে, যদিও ইসলামাবাদ মাত্র ১২ জন সেনা নিহতের কথা স্বীকার করেছে।
আফগান হামলার মাত্র কয়েক ঘণ্টা পর শুক্রবার ভোর রাত ৩টা ৪৫ মিনিটে পাকিস্তান পাল্টা ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করে। এর আওতায় রাজধানী কাবুল, কান্দাহার ও পাক্তিয়া প্রদেশে ব্যাপক বিমান হামলা চালায় পাকিস্তানের বিমান বাহিনী। ইসলামাবাদ দাবি করেছে, তারা নির্দিষ্ট লক্ষ্যবস্তু ও জঙ্গি আস্তানাগুলোতে হামলা চালিয়েছে।
বর্তমানে দুই দেশের সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পাকিস্তান জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দিতে প্রস্তুত।