পাকিস্তান যদি আফগানিস্তানে আবারও হামলা চালায়, তবে কাবুল ‘আরও কঠোর জবাব’ দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আফগানিস্তানের সেনাপ্রধান ফাসিহউদ্দিন ফিতরাত। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির সংবাদমাধ্যম টোলো নিউজ এই তথ্য জানিয়েছে। সীমান্তে চলমান উত্তজনা ও পাকিস্তানের বিমান হামলার প্রেক্ষিতে তিনি এই সতর্কবার্তা দেন।
আফগান সরকারের একটি সূত্র আল-জাজিরাকে জানিয়েছে, পাকিস্তানের বিমান বাহিনী দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত প্রদেশেও নতুন করে বিমান হামলা চালিয়েছে। এ ছাড়া পাকতিকা প্রদেশে একটি আবাসিক বাড়িতে পাকিস্তানের হামলায় নারী ও শিশুসহ তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন বলে এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
এদিকে পাকিস্তানের সামরিক সূত্রের বরাতে জানা গেছে, মধ্য আফগানিস্তানের লাঘমান প্রদেশে আফগান তালেবান নেতৃত্বের একটি আস্তানা লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। পাকিস্তান দাবি করছে, তারা নির্দিষ্ট জঙ্গি আস্তানাগুলোতেই আক্রমণ চালাচ্ছে।
সীমান্ত পরিস্থিতি ও হামলার ভয়াবহতা নিয়ে প্রত্যক্ষদর্শী জরঘন নামের এক আফগান নাগরিক আল-জাজিরাকে বলেন, ‘বৃহস্পতিবার রাতে আমাদের ক্যাম্পে হঠাৎ হামলা শুরু হলে মানুষ পরিবার নিয়ে দিগ্বিদিক ছুটতে শুরু করেন।’ তিনি আরও জানান, প্রাণভয়ে মালামাল এমনকি সন্তান ফেলে পালানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। ওই ঘটনায় অন্তত দু-তিনটি শিশু নিখোঁজ রয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
সীমান্তের এই সংঘাত বর্তমানে যুদ্ধের রূপ নিয়েছে। পাকিস্তান ‘অপারেশন গজব-লিল হক’ চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেও আফগান পক্ষ থেকে প্রতিরোধ ও পাল্টা আঘাতের তীব্রতা বাড়ানোর কথা বলা হচ্ছে।