ওমান উপকূলে পালাউয়ের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কার হামলার শিকার হয়েছে। দেশটির সামুদ্রিক নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, ‘স্কাইলাইট’ নামের জাহাজটি মুসান্দাম উপকূল থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে আক্রান্ত হয়।
হামলার সময় জাহাজটিতে ২০ জন ক্রু সদস্য ছিলেন। তাদের সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে চারজন ক্রু আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
এ ঘটনার ধরন বা কারা হামলার সঙ্গে জড়িত—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এর আগে ওমানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দুকুম বন্দর এলাকায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সেই ঘটনায় একজন বিদেশি শ্রমিক আহত হন।
ওমান উপকূলে পরপর দুটি হামলার ঘটনায় অঞ্চলটির সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।