ভারতের পশ্চিমবঙ্গসহ চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেলে দিল্লির বিজ্ঞান ভবনে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই তফসিল ঘোষণা করেন।
এবারের ঘোষণায় পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে দুই দফায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৩ ও ২৯ এপ্রিল এই ভোট অনুষ্ঠিত হবে এবং ফলাফল ঘোষণা করা হবে ৪ মে।
মুখ্য নির্বাচন কমিশনার জানান, পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, তামিলনাড়ু, কেরালা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে আসাম, কেরালা ও পদুচেরিতে ৯ এপ্রিল এবং তামিলনাড়ুতে ২৩ এপ্রিল ভোটগ্রহণ করা হবে। সব রাজ্যের ভোট গণনা হবে একই দিনে অর্থাৎ ৪ মে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমান মেয়াদ শেষ হচ্ছে আগামী ৭ মে।
পশ্চিমবঙ্গে এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬ কোটি ৪৪ লাখ। ৮০ হাজার ৭১৯টি ভোটকেন্দ্রে দুই ধাপে এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন হবে। প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোটগ্রহণ করা হবে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে যেখানে ৮ দফায় ভোট হয়েছিল, সেখানে এবার মাত্র ২ দফায় ভোট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি প্রায় সাড়ে ৮ লাখ নিরাপত্তাকর্মী মোতায়েন করা হচ্ছে। এ ছাড়া ১৫ লাখ ভোটকর্মী, ২১ হাজার সেক্টর অফিসার এবং পর্যবেক্ষণের জন্য বিপুল সংখ্যক মাইক্রো অবজারভার ও অবজারভার নিয়োজিত থাকবেন।
সর্বশেষ ২০২১ সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ২১৩টি আসনে জয়ী হয়ে ক্ষমতায় ফিরেছিল। অন্যদিকে প্রধান বিরোধী দল বিজেপি ৭৭টি আসনে জয়লাভ করলেও বাম ও কংগ্রেস জোট কোনো আসন পায়নি। এবারের নির্বাচন পশ্চিমবঙ্গ রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।