বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পুলিশ ক্যাডারের ৪৩তম ব্যাচের চারজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব তৌহিফ আহমেদ।
অপসারিত চার কর্মকর্তা হলেন—সাজিদ বিন কামাল, রতন বালা, মো. আব্দুল আজিজ এবং তাহমিদ আহমদ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (পুলিশ) নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬ (২) (এ) অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে তাদের এই অপসারণ আদেশ কার্যকর করা হয়েছে। তবে প্রজ্ঞাপনে চার কর্মকর্তাকে অপসারণের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।