দীর্ঘ গোপনীয়তার অবসান ঘটিয়ে অবশেষে নিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে আনলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুক্রবার (২৪ এপ্রিল) এক আনুষ্ঠানিক ঘোষণায় তিনি জানান, সম্প্রতি তিনি প্রোস্টেট ক্যানসারের প্রাথমিক পর্যায়ের চিকিৎসা সফলভাবে সম্পন্ন করেছেন।
৭৬ বছর বয়সী এই নেতা উল্লেখ করেন, ২০২৪ সালের শেষের দিকে তার প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে একটি অস্ত্রোপচার করা হয়েছিল। সেই অস্ত্রোপচারের সময়ই তার শরীরে একটি ক্ষুদ্র ক্যানসারজনিত টিউমার ধরা পড়ে। ইরানের সঙ্গে যুদ্ধের চূড়ান্ত উত্তেজনার মধ্যে যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে বা প্রতিপক্ষ একে প্রচারণার হাতিয়ার করতে না পারে, সেজন্যই এতদিন বিষয়টি গোপন রাখা হয়েছিল বলে তিনি দাবি করেন।
নেতানিয়াহু তার শারীরিক অবস্থার বিস্তারিত তুলে ধরে জানান, প্রায় দেড় বছর আগে একটি প্রোস্টেট সমস্যার সফল অস্ত্রোপচারের পর থেকেই তিনি চিকিৎসকদের নিয়মিত পর্যবেক্ষণে ছিলেন। সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষায় তার প্রোস্টেটে এক সেন্টিমিটারেরও কম আয়তনের একটি দাগ ধরা পড়ে। বায়োপসি ও অন্যান্য পরীক্ষায় দেখা যায় যে, এটি ক্যানসারের একেবারে প্রাথমিক স্তরের একটি টিউমার ছিল, যা শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি।
চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে থাকা অথবা চিকিৎসার মাধ্যমে এটি সম্পূর্ণ অপসারণের দুটি পথ বাতলে দিয়েছিলেন। নিজের স্বভাবজাত কঠোর অবস্থানের কথা উল্লেখ করে নেতানিয়াহু জানান, ব্যক্তিগত জীবনের ঝুঁকির ক্ষেত্রেও তিনি তাৎক্ষণিক মোকাবিলায় বিশ্বাসী, তাই তিনি দ্রুত চিকিৎসার সিদ্ধান্ত নেন।
জেরুজালেমে পরিচালিত এই চিকিৎসার পর বর্তমানে কোনো ঝুঁকি অবশিষ্ট নেই বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তিনি জানান, চিকিৎসা শেষে তিনি এখন পুরোপুরি সুস্থ এবং তার শারীরিক অবস্থা বর্তমানে ‘চমৎকার’ পর্যায়ে রয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি এবং ইরানের সঙ্গে চলমান ছায়াযুদ্ধের সময় তার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশ নিয়ে নানা গুঞ্জন থাকলেও, বর্তমান যুদ্ধবিরতি পরিস্থিতির সুযোগ নিয়ে তিনি এই তথ্য জনসমক্ষে আনলেন।
গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে যেন কোনো ভুল বার্তা না ছড়ায়, সেজন্যই তিনি ব্যক্তিগতভাবে প্রতিবেদন প্রকাশ পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।
শুক্রবার তার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় নেতানিয়াহু সরাসরি দেশবাসীকে নিজের অবস্থার কথা জানান। সেখানে তিনি উল্লেখ করেন, ক্যানসারের লক্ষণগুলো একেবারেই প্রাথমিক পর্যায়ে ধরা পড়ায় চিকিৎসকদের পক্ষে তা পুরোপুরি নির্মূল করা সহজ হয়েছে। ক্যানসারমুক্ত হওয়ার দাবি করে তিনি আবারও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে নিজের দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেন।