বর্ণাঢ্য ক্যারিয়ারে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য অর্জন থাকলেও জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমার হৃদয়ে আজও এক বিশেষ স্মৃতি হিসেবে অমলিন রয়েছে ২০০৩ সালের একটি শুভেচ্ছাপত্র। সম্প্রতি রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে অংশ নিয়ে নিজের জীবনের এই অজানা গল্প শেয়ার করেছেন তিনি।
পূর্ণিমা জানান, ২০০৩ সালে তাঁর অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘মনের মাঝে তুমি’ দেখে মুগ্ধ হয়ে একটি শুভেচ্ছাপত্র পাঠিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। উল্লেখ্য, সে সময় তাঁর মা বেগম খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী ছিলেন। অভিনেত্রীর ভাষ্যে, তারেক রহমান ওই সিনেমার প্রতিটি অভিনয়শিল্পীর নাম আলাদাভাবে উল্লেখ করে বার্তা পাঠিয়েছিলেন।
সেখানে তিনি লিখেছিলেন যে, এমন চলচ্চিত্র নিয়মিতভাবে নির্মাণ হওয়া প্রয়োজন এবং অভিনয়শিল্পীরা যেন ভালো কাজের এই ধারাবাহিকতা বজায় রাখেন। এমন সৌজন্যবোধ পূর্ণিমাসহ সিনেমার পুরো টিমকে মুগ্ধ করেছিল। তখন সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচলন না থাকায় পূর্ণিমার মা পরিচিত সাংবাদিকদের সেই চিঠিটি দেখিয়েছিলেন।
একই অনুষ্ঠানে নিজের ক্যারিয়ারের আরও কিছু চমকপ্রদ তথ্য দিয়েছেন এই অভিনেত্রী। তিনি জানান, নির্মাতা রায়হান রাফীর ‘দহন’ ও ‘প্রেশার কুকার’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। এমনকি ‘দহন’ সিনেমাটিতে তিনি চুক্তিবদ্ধও হয়েছিলেন। তবে শেষ পর্যন্ত কেন কাজটি করা হয়নি, সেই নেপথ্য কারণ পডকাস্টটিতে বিস্তারিত জানিয়েছেন তিনি।
পূর্ণিমা ১৯৯৮ সালে ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় পা রাখেন। তবে এই সিনেমার জন্য তিনি প্রথম পছন্দ ছিলেন না। অন্য একজন জনপ্রিয় নায়িকার পরিবর্তে তিনি কীভাবে এই সুযোগ পেয়েছিলেন এবং সেই নায়িকার নাম কী, তা-ও তিনি এই অনুষ্ঠানে প্রকাশ করেছেন। জেডে আই ফয়সাল প্রযোজিত এই পডকাস্টটি আগামী শনিবার (১১ এপ্রিল) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে।