ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশে। ৯২ বছর বয়সে সুরের এই জাদুকরের চলে যাওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আশা ভোঁসলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই প্রধানমন্ত্রী মোদি তার সঙ্গে কাটানো কিছু স্মৃতিমধুর ছবি শেয়ার করেন। শোকবার্তায় তিনি লেখেন, ‘ভারতের অন্যতম সেরা ও বহুমুখী কণ্ঠশিল্পী আশা ভোঁসলেজির মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত।’
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, কয়েক দশকব্যাপী আশার এই অসাধারণ সংগীতযাত্রা ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করার পাশাপাশি বিশ্বজুড়ে অগণিত মানুষের হৃদয় স্পর্শ করেছে। তিনি বলেন, ‘তার হৃদয়স্পর্শী সুর হোক বা প্রাণবন্ত কম্পোজিশন, তার কণ্ঠে ছিল এক চিরন্তন ঔজ্জ্বল্য। তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমি চিরকাল মনে রাখব।’
গায়িকার পরিবার ও অগণিত অনুরাগীদের প্রতি সমবেদনা জানিয়ে মোদি বলেন, ‘তিনি প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবেন এবং তার গান মানুষের জীবনে চিরকাল অনুরণিত হবে।’
সাত দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে আশা ভোঁসলে কয়েক হাজার গান রেকর্ড করেছেন। হিন্দি সিনেমার পাশাপাশি বাংলাসহ বিভিন্ন আঞ্চলিক ভাষায় তার গওয়া গানের সম্ভার বিশাল। সংগীতে অনবদ্য অবদানের জন্য তিনি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন। ২০০৮ সালে তাকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মবিভূষণ’ প্রদান করা হয়। পরবর্তী সময়ে নতুন প্রজন্মের শিল্পীদের সুযোগ করে দিতে তিনি প্রতিযোগিতামূলক পুরস্কার গ্রহণ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার অনন্য সিদ্ধান্ত নিয়েছিলেন।