নারায়ণগঞ্জে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর গাড়ি আটকে সাত দফা দাবি জানিয়েছেন বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল আসামি গ্রেপ্তারসহ একাধিক দাবির কথা উপদেষ্টার কাছে তুলে ধরা হয়।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের বিকেএমইএর প্রধান কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে ছাত্রশক্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, এনজিবি ও ওয়ারিয়র্স অব জুলাইয়ের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন। পরে দাবিগুলো বিবেচনার আশ্বাস পেলে তারা উপদেষ্টার গাড়ির সামনে থেকে সরে যান।
এদিন বিকেএমইএর উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও শিল্প পুলিশ-৪-এর কাছে ছয়টি পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠান শেষে সেখান থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। এ সময় প্রায় আধা ঘণ্টা তিনি অবরুদ্ধ ছিলেন।
ছাত্রসংগঠনের নেতাকর্মীরা লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার, সীমান্তে হত্যা বন্ধ, শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনায় মূল আসামি গ্রেপ্তার এবং আওয়ামী সন্ত্রাসীদের পুনর্বাসনে তদবির বাণিজ্য বন্ধসহ মোট সাত দফা দাবি জানান।
পরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ওসমান হাদি এখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। আপনারা সবাই তার জন্য বেশি বেশি দোয়া করবেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। পাশাপাশি আপনারা যে দাবিগুলো তুলেছেন, সেগুলো যৌক্তিক। আমরা সেগুলো বাস্তবায়নে কাজ করব।’