দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ চাষাঢ়ায় বিকেএমইএর প্রধান কার্যালয়ে জেলা পুলিশ ও শিল্প পুলিশকে ছয়টি মিনি পিকআপ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ মাসুদুজ্জামানের নিরাপত্তা ইস্যুতে সরে দাঁড়ানোর বিষয়েও তিনি বলেন, কে নির্বাচন করবেন আর কে করবেন না, তা ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়। নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয় হলেও অনুষ্ঠানে উপস্থিত সবাই নিরাপদে ছিলেন।
ভারতীয় দূতাবাসের ভিসা কার্যক্রম বন্ধ এবং বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করার বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, কয়েক দিন আগে বাংলাদেশের ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল এবং কূটনৈতিক অঙ্গনে এ ধরনের পারস্পরিক তলব একটি সাধারণ প্রক্রিয়া।
বক্তব্যের শুরুতে তিনি ১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধে আত্মদানকারী শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এছাড়া জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের প্রতিও শ্রদ্ধা জানান। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে উল্লেখ করে বলেন, তিনি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন এবং দেশের জন্য বড় অবদান রাখার কারণে তার দ্রুত সুস্থতা কামনা করেন।
অবসরপ্রাপ্ত উপদেষ্টা বিকেএমইএর উদ্যোগকে প্রশংসা জানিয়ে বলেন, শিল্পাঞ্চলের নিরাপত্তা, শ্রমিক সুরক্ষা এবং শান্তিপূর্ণ কর্মপরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ ও শিল্প পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ধরনের সহায়তা নিরাপদ শিল্পাঞ্চল, স্থিতিশীল আইনশৃঙ্খলা এবং প্রশাসন-শিল্পমালিকদের পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি জসিম উদ্দিন, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি ও অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।
এদিকে অনুষ্ঠানস্থল ত্যাগের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রশক্তি, ছাত্রদলসহ কয়েকটি সংগঠন স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করে ওসমান হাদির হত্যাচেষ্টাকারীদের গ্রেপ্তার, লুট হওয়া অস্ত্র উদ্ধারসহ সাত দফা দাবি জানায়। স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের দাবির বাস্তবায়নের আশ্বাস দেন।