ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বিকেল ৩টা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এর আগে দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজা শেষে বিকেল ৩টার দিকে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে ফ্রিজার ভ্যান থেকে হাদির মরদেহ নামিয়ে দাফনের প্রস্তুতি নেওয়া হয়। কিছুক্ষণ পর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহযোদ্ধাদের উপস্থিতিতে দাফন কার্যক্রম সম্পন্ন হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স–কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলযোগে আসা এক সন্ত্রাসীর গুলিতে মাথায় আঘাত পান শরিফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় ছয় দিন পর গত বৃহস্পতিবার তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান।
এর আগে শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে তার মরদেহ দেশে আনা হয়।
শরিফ ওসমান হাদি ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক। ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে তিনি রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চ’ শুরু করেন এবং প্রতিষ্ঠা করেন ইনকিলাব কালচারাল সেন্টার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণাও দিয়েছিলেন তিনি।