উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হচ্ছে—এমন কোনো তথ্য তার জানা নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা পরিষদ পুনর্গঠন নিয়ে সাম্প্রতিক গুঞ্জনের বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব স্পষ্ট করে জানান, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।
এর আগে উপদেষ্টা পরিষদের একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল আনার সিদ্ধান্ত হয়েছে—এমন দাবি করে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ওইসব খবরে বলা হয়েছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে পরিবর্তন আসতে পারে। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিবর্তে নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। একই সঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন বলেও ওইসব প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে মন্ত্রিপরিষদ সচিবের বক্তব্যে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন বা দায়িত্ব বদলের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত হয়নি।