সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়নে বড় অঙ্কের অর্থের প্রয়োজন উল্লেখ করে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতি আরও শক্তিশালী হলে পে স্কেল বাস্তবায়ন আলোর মুখ দেখবে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে গণভোট উপলক্ষে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, গত ১০ বছরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পে স্কেল নিয়ে কার্যকর কোনো কাজ হয়নি। বর্তমান সরকার পে কমিশন গঠন করেছে এবং এ বিষয়ে কাজ চলমান রয়েছে। তিনি জানান, অর্থনীতিকে চাঙা করতে নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮ বিলিয়ন ডলার থেকে বেড়ে বর্তমানে ৩২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে শুধু অর্থ সংস্থানই নয়, বাজার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, “এজন্য প্রচুর অর্থের প্রয়োজন। তবে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হলে পে স্কেল বাস্তবায়ন বাস্তব রূপ পাবে।” এসব বিষয় পরবর্তী সময়ে নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
দুর্নীতির বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “আমরা দুর্নীতি নয়, সুশাসন ও জবাবদিহিমূলক সরকার চাই—যার সুফল ভোগ করবে আগামী প্রজন্ম।”
গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, অনেকে মনে করছেন ‘হ্যাঁ’ ভোট কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা। বাস্তবে এটি দেশের গণতন্ত্রকামী সব রাজনৈতিক দলের জন্যই প্রযোজ্য এবং সুশাসন নিশ্চিত করার একটি পথ। শুধু সুশাসন নয়, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও ধর্মসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতেও সংস্কারের প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এর আগে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা মেলার উদ্বোধনের আগে অর্থ উপদেষ্টা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। একই দিনে তিনি চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি–বেসরকারি বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায়ও বক্তব্য রাখেন।