বাংলাদেশে অবস্থানরত ভারতীয় মিশনের কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার পেছনে কোনো স্পষ্ট কারণ খুঁজে পাচ্ছেন না পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তার মতে, দেশে এমন কোনো পরিস্থিতি নেই যাতে ভারতীয় কর্মকর্তা বা তাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, এ বিষয়ে কোনো নিরাপত্তাজনিত শঙ্কা বা সংকেত তিনি দেখছেন না। তার ভাষায়, বিষয়টি পুরোপুরি সংশ্লিষ্ট পক্ষের নিজস্ব সিদ্ধান্ত। তারা চাইলে যে কোনো সময় তাদের কর্মকর্তা বা পরিবারের সদস্যদের ফেরত নিতে পারে।
তিনি বলেন, ভারত কেন এই সিদ্ধান্ত নিয়েছে, তার কোনো যুক্তিসংগত ব্যাখ্যা তিনি খুঁজে পাচ্ছেন না। বাংলাদেশে ভারতীয় কূটনীতিক বা তাদের পরিবারের নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে—এমন কোনো ঘটনাও ঘটেনি। হয়তো তাদের নিজস্ব আশঙ্কা থাকতে পারে বা কোনো বার্তা দেওয়ার উদ্দেশ্য থাকতে পারে, তবে নির্দিষ্ট কোনো ইঙ্গিত তিনি বুঝতে পারছেন না বলে জানান।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সার্বিকভাবে দেশের নিরাপত্তা পরিস্থিতিতে কোনো ব্যাঘাত ঘটেনি। অতীতের নির্বাচনকালীন সময়ের সঙ্গে তুলনা করে তিনি বলেন, আগে নির্বাচনকেন্দ্রিক সময়ে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এবার তার চেয়ে বেশি কিছু ঘটেছে বলে মনে হয় না।
ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফেরত নেওয়ার বিষয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়েছে কি না—এ প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, তাদের পক্ষ থেকে এমন কোনো বার্তা দেওয়া হয়নি যে তারা বিপদে আছেন।