আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত নির্বাচন রিপোর্টিং বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল। তাঁর ধারণা, এবার সেই হার অতিক্রম করবে। তিনি বলেন, কোনো নির্বাচনই পুরোপুরি ঝামেলামুক্ত হয়নি। এবারের নির্বাচনেও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করাই সরকারের লক্ষ্য।
তিনি আরও বলেন, নির্বাচনকালীন সহিংসতা ও সরকারের পদক্ষেপ সম্পর্কে বিদেশি কূটনীতিকদের জানানো হয়েছে। মানুষ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা চলছে।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, শুরুতে এ নিয়ে দ্বিধা ছিল। পরে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং সর্বশেষ বিএনপির চেয়ারম্যান ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। বড় দলগুলো এ অবস্থান নেওয়ায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট সহজেই পাস হবে বলে তিনি মনে করেন।
নির্বাচনের পর প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো কোনো তথ্য নেই বলেও জানান তিনি।
উপদেষ্টাদের কূটনৈতিক পাসপোর্ট প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, কিছু উপদেষ্টা দ্রুত ভিসা পাওয়ার প্রয়োজনে কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। তবে তিনি নিজে এখনো তা করেননি।
অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএনডিপি–এর আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার। ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হেনা ইমরুল কায়েস।