মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতময় পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েত, বাহরাইন ও কাতারের শীর্ষ পর্যায়ের কূটনৈতিকরা পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে টেলিফোন করেছেন। সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ফোনালাপের তথ্য নিশ্চিত করেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পৃথকভাবে তাঁর সঙ্গে কথা বলেছেন। ফোনালাপে মূলত ওই সব দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিরা বাংলাদেশের প্রবাসীদের সর্বাত্মক নিরাপত্তার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেছেন।
ড. খলিলুর রহমান বলেন, ‘আমরা প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং এটিই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সংশ্লিষ্ট দেশগুলো আমাদের নাগরিকদের সুরক্ষার নিশ্চয়তা দিয়েছে। আমরা আশা করছি, এই সংকটে আর কোনো বাংলাদেশি হতাহত হবেন না।’ তিনি আরও জানান, যুদ্ধের কারণে যারা বর্তমানে বিভিন্ন স্থানে আটকে পড়েছেন, বিমান চলাচল স্বাভাবিক হওয়া মাত্রই তাঁদের দ্রুততম সময়ে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।
বাংলাদেশ সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, যুদ্ধ কোনো সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না। বাংলাদেশ সব সময়ই শান্তি ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট নিরসনের পক্ষে। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের সার্বক্ষণিক খোঁজখবর রাখতে সংশ্লিষ্ট দূতাবাসগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।