শারীরিক প্রতিবন্ধী, ৬৫ বছরের ঊর্ধ্বে জ্যেষ্ঠ নাগরিক এবং শিক্ষার্থীদের জন্য আন্তনগর ট্রেন ও মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া ছাড়ের ঘোষণা দিয়েছে সরকার। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।
মন্ত্রী বলেন, ‘আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে এই সুবিধাটি চালুর চেষ্টা চলছে। তবে সময় স্বল্পতার কারণে এই ঈদে সম্ভব না হলেও আগামী কোরবানির ঈদের আগেই এটি নিশ্চিতভাবে কার্যকর করা হবে।’ বিশেষ এই ছাড় পাওয়ার জন্য শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র, প্রবীণদের জাতীয় পরিচয়পত্র এবং শারীরিক প্রতিবন্ধীদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে দেওয়া পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।
অনলাইনে টিকিট কাটার প্রক্রিয়া সম্পর্কে মন্ত্রী জানান, ডিজিটাল পদ্ধতিতে টিকিট বুকিংয়ের সময় ছাড়ের জন্য নির্দিষ্ট অপশন রাখা হবে। সেখানে প্রয়োজনীয় নথিপত্র বা আইডির তথ্য প্রদান করলে স্বয়ংক্রিয়ভাবে ২৫ শতাংশ ভাড়া কমে যাবে।
মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা কোনো ছাড়ের ব্যবস্থা থাকবে কি না—এমন প্রশ্নে শেখ রবিউল আলম বলেন, ‘বিষয়টি নিয়ে এখনও আলোচনা হয়নি। বর্তমানে কেবল বয়স ও শারীরিক অবস্থার ওপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে; এখানে কোনো পেশা বা শ্রেণিগত বিষয় বিবেচনা করা হয়নি।’
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নেওয়া এই সিদ্ধান্তকে জনবান্ধব পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে ঈদকে সামনে রেখে এই ঘোষণা যাতায়াত ব্যবস্থায় বিশেষ সুবিধাভোগীদের জন্য বড় স্বস্তি বয়ে আনবে বলে মনে করা হচ্ছে।