আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষায় যেকোনো ধরনের নকল এবং অনিয়ম প্রতিরোধে কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি আবারও তাঁর সেই আলোচিত পুরোনো স্টাইলে হেলিকপ্টারে চড়ে দেশের বিভিন্ন জেলার পরীক্ষা কেন্দ্রগুলোতে ঝটিকা অভিযানে যাবেন বলে জানিয়েছেন। বিশেষ করে মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্রগুলোর ওপর এবার বাড়তি নজরদারি চালানো হবে।
শনিবার (১৪ মার্চ) রাতে রাজধানীর মিন্টো রোডে নিজ সরকারি বাসভবনে শিক্ষা বিটের সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’ (ইরাব)-এর সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশের শিক্ষার মান বজায় রাখতে আমাকে নকল ঠেকাতেই হবে। এর কোনো বিকল্প নেই। আমি আগের মতোই হেলিকপ্টার নিয়ে কেন্দ্র পরিদর্শনে যাব। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে এবং কর্মকর্তা ও সংবাদকর্মীদের সাথে নিয়ে জেলায় জেলায় অভিযান চালানো হবে।’
শিক্ষাক্ষেত্রে নিজের পূর্ব অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, ‘আমি যখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলাম, তখন সফলভাবে নকল বন্ধ করেছিলাম। আমি চাই না সেই অশুভ সংস্কৃতি আবারও ফিরে আসুক। এসএসসি পরীক্ষা যেন সম্পূর্ণ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে আমরা যাবতীয় প্রস্তুতি নিচ্ছি।’
মাদরাসা ও কারিগরি শিক্ষার কেন্দ্রগুলোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘দেখা যায় এই প্রতিষ্ঠানগুলোতে নকলের প্রবণতা কিছুটা বেশি। তাই এবার এই কেন্দ্রগুলোতে বিশেষ নজর দেওয়া হবে। এছাড়া নকলের যেকোনো সিন্ডিকেট ভেঙে দিতে কক্ষ পরিদর্শক নিয়োগ এবং কেন্দ্র নির্ধারণের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হবে।’
উল্লেখ্য, ২০০১ সালে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালে ড. আ ন ম এহছানুল হক মিলন হেলিকপ্টার নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের পরীক্ষা কেন্দ্রগুলোতে ঝটিকা অভিযান চালিয়ে এবং নকল ধরে দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়েছিলেন। মতবিনিময় সভায় তিনি শিক্ষার্থীদের নকলের পথে না গিয়ে পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ইরাব সভাপতি ফারুক হোসাইন ও সাধারণ সম্পাদক সোলায়মান সালমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।