প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে পাঠ্যক্রমের অবিচ্ছেদ্য অংশ করার উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে জাতীয় শিক্ষাক্রমে ফুটবল, ক্রিকেট ও দাবাসহ মোট সাতটি ক্রীড়া ইভেন্ট অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।
যেসব ক্রীড়া ইভেন্ট অন্তর্ভুক্ত হচ্ছে:
১. ফুটবল
২. ক্রিকেট
৩. দাবা
৪. কারাতে বা ভলিবল
৫. ব্যাডমিন্টন
৬. অ্যাথলেটিকস
৭. সাঁতার
মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়েছে, গত ১৪ মার্চ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক গঠিত মাঠ নির্ধারণ ও বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে চতুর্থ শ্রেণি থেকে উল্লেখিত সাতটি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে যুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সিদ্ধান্তের প্রেক্ষিতেই শিক্ষা মন্ত্রণালয় এ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে।
এই উদ্যোগটি দেশের তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে এবং শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।