দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি ও সংকট বিবেচনায় ঢাকার সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইনে পাঠদান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, বোর্ড কর্মকর্তা ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন এই নিয়মে আপাতত সপ্তাহে ছয় দিনই ক্লাস চলবে, যার মধ্যে তিন দিন অফলাইনে এবং তিন দিন অনলাইনে পাঠদান করা হবে। অফলাইন ক্লাসগুলোর ক্ষেত্রে শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত হয়ে পাঠদান করবেন। অনলাইন ও অফলাইন ক্লাস পরিচালনার জন্য জোড়-বিজোড় দিনের ভিত্তিতে একটি নির্দিষ্ট রুটিন বা পরিকল্পনা করা হতে পারে।
এর আগে সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইনে ক্লাস পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছিলেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই সব শিক্ষাপ্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে অনলাইন ক্লাসের এই বিষয়ে নির্দেশনা প্রদান করা হবে। চলমান জ্বালানি সংকট মোকাবিলায় এবং বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।