পহেলা বৈশাখের উৎসবের আগেই সুখবর পাচ্ছেন দেশের বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। তাদের দীর্ঘ প্রতীক্ষিত বৈশাখী ভাতার বিল অনুমোদিত হয়েছে এবং সব ঠিক থাকলে আগামীকাল রোববার (১২ এপ্রিল) থেকেই এই অর্থ তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া শুরু হতে পারে।
শনিবার (১১ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল সূত্রে জানা গেছে, বৈশাখী ভাতার বিল ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের ‘আইবাস++’ সিস্টেমে জমা দেওয়া হয়েছে। সেখান থেকে চূড়ান্ত অনুমোদন শেষে বিলটি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে। এরপর বাংলাদেশ ব্যাংক নির্দিষ্ট বণ্টনকারী ব্যাংকগুলোর মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে।
ইএমআইএস সেলের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, কারিগরি কোনো জটিলতা না থাকলে আগামীকাল বিকালের মধ্যেই অনেক শিক্ষক-কর্মচারী তাঁদের মুঠোফোনে ভাতার মেসেজ পেতে শুরু করবেন। যদি কোনো কারণে কাল বিলম্ব হয়, তবে সোমবারের মধ্যে অবশ্যই সবাই টাকা পেয়ে যাবেন।
মাউশি সূত্রে আরও জানা গেছে, এবার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা বাবদ মোট ১৮১ কোটি ৩৬ লাখ টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে স্কুলের শিক্ষক-কর্মচারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১২৯ কোটি ২৬ লাখ টাকা এবং কলেজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৫২ কোটি ৯ লাখ টাকা। উৎসবের আগে এই অর্থ হাতে পাওয়ার খবরে শিক্ষক মহলে স্বস্তি ফিরেছে।