হাম সংক্রমণকে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তুলনা করে এই সংকটের জন্য দায়ীদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
বুধবার (১৩ মে) সকালে সচিবালয়ে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশনের পক্ষ থেকে পোলিও ভ্যাকসিন গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় আগামী জুনের মধ্যে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হবে বলেও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম সংক্রমণ পরিস্থিতি প্রাকৃতিক দুর্যোগের মতো হলেও সরকার অনেকটাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। দেশের বেশিরভাগ জেলায় টিকাদান কার্যক্রম শেষ হয়েছে এবং বাকি শিশুদেরও দ্রুত টিকার আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, হামের ভয়াবহ পরিস্থিতি কাটিয়ে ওঠার পর তদন্ত করে দেখা হবে কারা এই সংকটের জন্য দায়ী। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে সরকারের টিকাদান কর্মসূচিকে আরও গতিশীল করতে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান দেয় চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন।
উল্লেখ্য, সময়মতো টিকা না পাওয়ায় সারাদেশে হামের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। বিভিন্ন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। ইতোমধ্যে হামে মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে বলে জানা গেছে।
বর্তমানে ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ৯৮ শতাংশ শিশুকে হামের টিকা দেওয়া হলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। চিকিৎসকদের মতে, সময়মতো টিকার ঘাটতির কারণেই হাম মহামারির আকার নিয়েছে।