খাগড়াছড়ির রামগড়ে দ্বিতীয় শ্রেণির মাদরাসাছাত্রীকে ধর্ষণের দায়ে মো. শাহিন (৫৩) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৬ জুলাই) শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়েলা শারমিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি রামগড় উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের লেদু মিয়ার ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ট্রাইব্যুনাল গঠনের পর এটিই প্রথম মামলার রায়। ঘটনার মাত্র ১১ মাস ১৪ দিনের মধ্যে মামলাটির রায় ঘোষণা করা হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষে ১০ জন এবং আসামিপক্ষে ৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
রায়ে সন্তুষ্টি প্রকাশ করে ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর সৃজনী ত্রিপুরা বলেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে দ্রুত রায় সমাজে ইতিবাচক বার্তা দেবে এবং ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে।