জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর ফজলুল হক জানান, ২০২৫ সালের ২৫ মে গভীর রাতে বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের মাঞ্জালিয়া গ্রামে এক গৃহবধূকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরদিন ভুক্তভোগী বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম, রাশেদুর রহমান পাপ্পু, বিজু মিয়া, বাদশা মিয়া, মনিরুজ্জামান জুয়েল, আছমত আলী ও জসিম উদ্দিনকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা জরিমানার আদেশ দেন আদালত।
এ ছাড়া ইদ্রিস আলী নামে অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।