সিরাজগঞ্জের কামারখন্দে জামায়াতে ইসলামীর এক নেতার বাসা থেকে অবৈধভাবে মজুত করা ৯০০ কেজি ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কামারখন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
অভিযুক্ত মনিরুল ইসলাম ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির।
উপজেলা প্রশাসন জানায়, রাতের দিকে অটোরিকশাযোগে মনিরুল ইসলামের বাসায় ইউরিয়া সার নেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা উপজেলা প্রশাসনকে জানান। পরে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানে মনিরুল ইসলামের বাসা থেকে ১৮ বস্তায় মোট ৯০০ কেজি ইউরিয়া সার জব্দ করা হয়। প্রশাসনের কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, একজন ডিলারের কাছ থেকে এসব সার নিয়ে বাসায় মজুত করেছিলেন মনিরুল ইসলাম।
অবৈধভাবে সার মজুতের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব সার ভদ্রঘাট ইউনিয়নের কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে।
অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।