বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট বা সমঝোতার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন দলটির ১৭০ জন কেন্দ্রীয় নেতা। শনিবার (২৮ ডিসেম্বর) রাতে এনসিপির আহ্বায়কের কাছে পাঠানো এই চিঠিতে জোটের পক্ষে থাকা নেতারা গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে নিজেদের সম্মতি দিয়েছেন।
এর আগে, জামায়াতের সঙ্গে জোট গঠনে আপত্তি জানিয়ে ৩০ নেতার একটি চিঠিকে কেন্দ্র করে দলের অভ্যন্তরে মতবিরোধ প্রকাশ্যে আসার পর এর পাল্টা পদক্ষেপ নিলেন জোটপন্থীরা। তারা জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাস্তবতার নিরিখে এমন কৌশলগত সিদ্ধান্ত নেওয়া জরুরি।
চিঠিতে এনসিপির কেন্দ্রীয় পর্যায়ের দায়িত্বশীল নেতারা বলেন, ‘আমরা দলীয় আদর্শ, লক্ষ্য ও ভবিষ্যৎ কৌশলগত অবস্থানকে সমুন্নত রাখার স্বার্থে এই মতামত পেশ করছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠন, প্রাতিষ্ঠানিক সংস্কারকে টেকসই করা এবং একটি জনমুখী ও দায়বদ্ধ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাজনৈতিকভাবে সময়োপযোগী ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি।’