ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। নির্বাচনী প্রচারণার খরচ মেটাতে তিনি আর্থিক সহযোগিতা চেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ আবেদন জানান।
ভিডিও বার্তার ক্যাপশনে তিনি বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন।
আমি বরিশাল ৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে নির্বাচন করছি। পাঁচটা বড় নদী ঘেরা প্রত্যন্ত ও প্রান্তিক অঞ্চলে নির্বাচনী প্রচারণার খরচ মেটাতে দরকার আপনাদের দোয়া এবং আর্থিক সহযোগিতা।’
তিনি আরো লিখেছেন, ‘২০২৪ এর গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইটা চলমান রাখা শত শত শহীদদের রেখে যাওয়া আমানত। আসুন, সবাই মিলে শহীদ ওসমান হাদির দায় ও দরদের বাংলাদেশ গড়ি, ইনসাফ ও আজাদির লড়াইটা চালিয়ে যাই।
আজ সোমবার সকালে তিনি এ সংক্রান্ত আরেকটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, ‘প্রিয় দেশবাসী, নির্বাচনী খরচ মেটাতে আমার আপিলের প্রেক্ষিতে যারা সাহায্য করতে চাচ্ছেন, তারা অনেকেই বিকাশে টাকা পাঠাতে পারছেন না। তাই বিকল্প নম্বর দিলাম। যারা অনুদান পাঠিয়েছেন এবং পাঠাবেন, সবার প্রতি কৃতজ্ঞতা।’ ওই পোস্টে তিনি নতুন একটি বিকাশ নম্বর সংযুক্ত করেন।
এর আগে এনসিপি থেকে পদত্যাগ করা তাসনিম জারাসহ বেশ কয়েকজনকে নির্বাচনী ফান্ড কালেকশন করতে দেখা গেছে।