বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আসন্ন নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই দেশের নেতৃত্ব দেবেন এবং প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনা করবেন।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের সোনালী ও শিল্পী কলোনিসহ ৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
শহীদ উদ্দীন এ্যানি বলেন, ‘আজ বিএনপির নেতৃত্ব দিচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান তারেক রহমান। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি এ দেশের নেতৃত্ব দেবে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দেশ পরিচালনা করবেন।’
তিনি বলেন, ‘আমার ও আপনাদের দায়িত্ব হচ্ছে তারেক রহমানের হাতকে শক্তিশালী করা। তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের বিশ্বাস ও আস্থা অর্জন করেছেন।’
তারেক রহমানের নেতৃত্বের প্রসঙ্গ তুলে ধরে এ্যানি বলেন, ‘দেশ পরিচালনার ক্ষেত্রে তিনি একজন যোগ্য নেতা, একজন রাষ্ট্রনায়ক। তাঁর নেতৃত্বেই বিএনপি ও ধানের শীষ আগামী দিনে এ দেশের মানুষের পাশে থাকবে এবং দেশের নেতৃত্ব দেবে।’
গণসংযোগকালে জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপির সদস্য আবুল হাশেম, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দীনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।