নির্বাচনের আগে জামায়াতের জোট থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইকে অভিনন্দন জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
বুধবার (২১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, পরিবর্তিত বাংলাদেশে সহিহ আকিদা বিশ্বাসী ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্যে হেফাজতে ইসলাম কাজ করেছে। এতে মওদুদীবাদী জামায়াতকে বাদ দিয়ে ঐক্যের আহ্বান জানানো হয় এবং ইমান-আকিদার প্রশ্নে আপস না করার বিষয়ে সতর্ক করা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, মওদুদীবাদী জামায়াতের প্রভাব থেকে বের হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে রাজনৈতিক পথচলা শুরু করায় দলটির আমিরকে বিশেষভাবে অভিনন্দন জানানো হচ্ছে। এতে ইসলামি রাজনীতিতে হকপন্থীদের স্বতন্ত্র পথচলা প্রয়োজনীয় ছিল বলেও মন্তব্য করা হয়।
হেফাজতের আমির বলেন, জামায়াতের সঙ্গে থাকার কারণে দেশের ইসলামপন্থী রাজনীতিতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা ছিল। পীর সাহেব চরমোনাইয়ের একক পথচলার সিদ্ধান্ত সেই সম্ভাব্য ক্ষতি অনেকটাই কমাবে বলে তিনি মনে করেন। এ কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বকে সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য মুবারকবাদ জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, হেফাজতে ইসলাম আগের মতোই আসন্ন নির্বাচনেও কোনো দলের পক্ষে অবস্থান নেবে না। নিরেট ইসলামপন্থাকে ধারণ করেন—এমন প্রার্থীদেরই জনগণ ভোট দেবেন বলে আশা প্রকাশ করা হয়। পাশাপাশি ইসলামের নামে মওদুদীবাদ বা ভ্রান্ত আকিদা প্রচারকারীদের ভোট না দেওয়ার আহ্বান জানানো হয়।
হেফাজতের আমির আশাবাদ ব্যক্ত করেন, আগামী নির্বাচনে উলামায়ে দেওবন্দ তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা একই পথে অগ্রসর হবেন।