বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে, অথচ ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারে থাকাকালে ওই দলটির দুইজন সদস্য মন্ত্রী ছিলেন। তাঁর প্রশ্ন, বিএনপি যদি এতটাই খারাপ হতো, তাহলে তারা তখন পদত্যাগ করে সরকার ছেড়ে আসেননি কেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ জেলা সার্কিট হাউস মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ওই দলটি পদত্যাগ করেনি, কারণ তারা জানত দেশনেত্রী বেগম খালেদা জিয়া কঠোরভাবে দুর্নীতি দমন করছিলেন। তাঁর ভাষায়, তৎকালীন সরকারের সেই দুই মন্ত্রী জানতেন, বেগম খালেদা জিয়া দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেন না। তিনি বলেন, আন্তর্জাতিক বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী পালিয়ে যাওয়া স্বৈরাচারী সরকারের সময় দেশ দুর্নীতিতে নিমজ্জিত ছিল। তবে ২০০১ সালে বেগম খালেদা জিয়া দায়িত্ব নেওয়ার পর দেশ সেই অবস্থা থেকে মুক্ত হতে শুরু করে।
তিনি আরও বলেন, যে দল আজ বিএনপিকে দোষারোপ করছে, তাদের দুই মন্ত্রী সরকারের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত বহাল থাকার মধ্য দিয়েই প্রমাণ হয়, তারা নিজেরাই এখন মিথ্যা বলছে।
সমাবেশে তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ভোটের দিন সবাই তাহাজ্জুদের নামাজ পড়ে কেন্দ্রে গিয়ে ফজরের নামাজ আদায় করবেন। এরপর লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। শুধু ভোট দিয়ে চলে আসলেই হবে না; ভোটের ফলাফল শেষ পর্যন্ত বুঝে নিতে হবে, যাতে কেউ ভোট লুট করতে না পারে।
আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটের পর খাল খনন কর্মসূচিতে আবার দেখা হবে। তিনি বলেন, সবাই কোদাল নিয়ে আসবেন, সেদিন তিনিও উপস্থিত থাকবেন।
সমাবেশের শুরুতে স্থানীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তারেক রহমানকে স্বাগত জানান। এ সময় ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ ও ‘আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান’ স্লোগান দেওয়া হয়। ময়মনসিংহের পক্ষ থেকে তাঁকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়। মঞ্চে ওঠার পর স্থানীয় নেতারা তারাকান্দাকে পৌরসভায় রূপান্তরের দাবি জানান।
সমাবেশে তারেক রহমানের বক্তব্যের আগে ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীরা বক্তব্য দেন। তারা নিজেদের মধ্যকার দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করার আহ্বান জানান এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করার ডাক দেন। এ সময় ‘নৌকা গেছে ভারতে, ধানের শীষ গদিতে’ স্লোগান দেওয়া হয়।
এর আগে বেলা ৪টা ৩ মিনিটে স্ত্রী ডা. জোবায়দা রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে ওঠেন তারেক রহমান। ৪টা ২৬ মিনিটে তিনি উপস্থিত জনতাকে সালাম জানিয়ে বক্তব্য শুরু করেন এবং ৪টা ৫২ মিনিটে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বক্তব্য শেষ করেন। এরপর তাঁর গাড়িবহর গাজীপুরের উদ্দেশে রওনা হয়।
সমাবেশে উপস্থিত অনেক নেতাকর্মী স্মৃতিচারণ করে বলেন, একই মাঠে এর আগে বেগম খালেদা জিয়ার সমাবেশে তারা অংশ নিয়েছিলেন।