আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রাথমিকভাবে ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার বিকেলে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সারজিস আলম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য সারাদেশ থেকে এক হাজারের বেশি আবেদন জমা পড়েছে। সেখান থেকে প্রাথমিকভাবে ১০০ জনের নাম ঘোষণা করা হয়েছে। চলতি মাসের ২০ তারিখে দ্বিতীয় ধাপে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে।
সারজিস আলম জানান, বিভিন্ন রাজনৈতিক দলের পরিশ্রমী ও গ্রহণযোগ্য ব্যক্তিরাও এনসিপির মনোনয়নের জন্য আবেদন করতে পারবেন। তবে যারা মানুষের ওপর নির্যাতন বা ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, তাদের প্রার্থী করা হবে না।
সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো সরকার থেকে স্পষ্ট কোনো রোডম্যাপ বা সময়সূচি দেওয়া হয়নি। তিনি দ্রুত নির্বাচনের নির্দিষ্ট টাইমলাইন ঘোষণার দাবি জানান।
তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন সিটি কর্পোরেশন ও স্থানীয় প্রশাসনের দায়িত্বে থাকা প্রশাসকরা পদে থেকেই নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন, যা নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করতে পারে।
এনসিপি যেসব গুরুত্বপূর্ণ জেলায় প্রার্থী ঘোষণা করেছে, তার মধ্যে রয়েছে ঢাকার সাভার, নারায়ণগঞ্জের সোনারগাঁও, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, চট্টগ্রামের আনোয়ারা, নোয়াখালী, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, সিলেট, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, বরিশাল ও ভোলা।