আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘আমার দাম যে এত—১০০ কোটি টাকা, আমি নিজেই জানতাম না। আওয়ামী লুটপাটের ইতিহাসে হাজার কোটি, লাখ কোটি টাকার কথা শুনেছি। আমি একসঙ্গে কখনও এক কোটি টাকাও দেখিনি।’
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, গণমাধ্যমে তিনি দেখেছেন, তাকে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, ‘নোটিশগুলোকে আগে দাঁড়িপাল্লায় মাপব, তারপর দেখব উত্তর দেওয়া যায় কি না।’
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও আইনজীবী তন্ময় কুমার সাহা ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠান। নোটিশে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে অবমাননাকর ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ এনে ৭২ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিলে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ জমা দেওয়ার দাবি জানানো হয়।
নোটিশে আরও বলা হয়, গত ১ জুলাই ডাকসু কার্যালয়ে অনুষ্ঠিত ‘বাঙালি মুসলমানের জাগরণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক এক আলোচনা সভায় ব্যারিস্টার ফুয়াদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্নাতকদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন, যা বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করেছে বলে অভিযোগ করা হয়েছে।
এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।