ভারতে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোনো ‘অযৌক্তিক চাপ’ বাংলাদেশ মেনে নেবে না—এমন বার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তার ভাষ্য, অযৌক্তিক শর্ত চাপিয়ে বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আসিফ নজরুল বলেন, ‘অযৌক্তিক চাপ তৈরি করে আমাদের ভারতে খেলাতে বাধ্য করা যাবে না।’ তিনি জানান, অযৌক্তিক শর্ত মেনে বাংলাদেশ ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না—এটাই সরকারের অবস্থান।
এর আগে বার্তা সংস্থা এএফপি জানায়, বাংলাদেশ টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললে তাদের জায়গায় বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিংধারী স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে। এ প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, ‘আমার জানামতে, আনুষ্ঠানিকভাবে এমন কিছু শুনিনি।’
বিবিসি অবশ্য জানিয়েছে, এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে ক্রিকেট স্কটল্যান্ডের কোনো আলোচনা হয়নি। সংবাদমাধ্যমটিকে জানানো হয়, আইসিসি এখনো ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে যোগাযোগ করেনি এবং বিসিবির প্রতি সম্মান জানিয়ে ক্রিকেট স্কটল্যান্ডের কর্মকর্তারাও আইসিসির সঙ্গে আলোচনা শুরুর কোনো পরিকল্পনা করছেন না।
আইসিসির ভূমিকা নিয়ে আসিফ নজরুল বলেন, ‘যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে মাথানত করে আমাদের ওপর চাপ সৃষ্টি করে এবং অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না।’ তিনি আরও বলেন, ‘পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু পাল্টেছে। আমরা অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পাল্টানোর কথা বলেছি।’
টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা আগামী ৭ ফেব্রুয়ারি। এবারের আসরের আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা। নিরাপত্তাশঙ্কার কথা জানিয়ে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ করে এর আগে আইসিসিকে চিঠি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে চলতি সপ্তাহে ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বিসিবির বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।
আইসিসি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো ও কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম গত সোমবার জানায়, সিদ্ধান্ত জানাতে বিসিবিকে বুধবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আইসিসি। তবে বিসিবি বলছে, আইসিসি তাদের এ ধরনের কোনো সময়সীমার কথা জানায়নি।
প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি ভারতের উগ্রবাদীদের প্রতিবাদের পর বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এ ঘটনায় বাংলাদেশে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। এর পরই নিরাপত্তাশঙ্কার কথা জানিয়ে ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।
টি–টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে গ্রুপ ‘সি’তে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। বাংলাদেশের ম্যাচগুলো হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে।