ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দল এরই মধ্যে হ্যানয়ে পৌঁছে অনুশীলন শুরু করলেও দলের অন্যতম তারকা হামজা চৌধুরী এখনো স্কোয়াডে যোগ দিতে পারেননি। ঈদের আগের দিন সকালে জামাল ভূঁইয়া ও শমিত শোমরা ভিয়েতনাম পৌঁছালেও হামজার অনুপস্থিতি নিয়ে সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ঘোষিত ২৩ সদস্যের দলে হামজার নাম থাকলেও তার বিলম্বের কারণ ব্যাখ্যা করেছেন জাতীয় দলের ম্যানেজার আমের খান। তিনি জানান, হামজার যোগ দেওয়ার তারিখ নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। মূলত ২১ বা ২২ মার্চ তার পৌঁছানোর কথা থাকলেও ক্লাবের হয়ে একটি ম্যাচ থাকায় ফ্লাইটের সূচি পরিবর্তন করতে হয়েছে। আমের খান বলেন, ‘হামজার আসার কথা ছিল ২১ বা ২২ তারিখ। কিন্তু তার ক্লাবের ম্যাচ থাকায় ফ্লাইট একদিন পিছিয়ে ২৩ তারিখ করা হয়েছে। তিনি তুর্কি এয়ারলাইন্সে করে ২৪ মার্চ ভিয়েতনাম সময় দুপুর ৩টা ২৫ মিনিটে দলে যোগ দেবেন।’
ইংলিশ চ্যাম্পিয়নশিপে গতকাল ওয়াটফোর্ড ও লেস্টার সিটির মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। লেস্টার সিটির বেঞ্চে থাকলেও এই ম্যাচে মাঠে নামা হয়নি হামজার। বর্তমানে ৩৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ২২ নম্বরে অবস্থান করছে হামজার দল লেস্টার সিটি।
গত বছরের ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে দারুণ ছন্দে আছেন। এ পর্যন্ত ৭ ম্যাচে মাঠে নেমে ৪টি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন তিনি। বিশেষ করে তার দর্শনীয় বাইসাইকেল কিক গোলটি ফুটবল মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। এর ঠিক পাঁচ দিন পর ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।