সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের মিশন শুরু হলো দুর্দান্ত এক জয়ে। মঙ্গলবার মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছে পাকিস্তানকে। লাল-সবুজ জার্সিতে অভিষেক ম্যাচেই জোড়া গোল করে দলের জয়ের নায়ক বনে গেছেন রোনান সুলিভান।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পেতে ব্যর্থ হন বাংলাদেশের ফরোয়ার্ডরা। তবে দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে ডেডলক ভাঙেন রোনান সুলিভান। মেজর লিগ সকারের ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলা এই ফরোয়ার্ড ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক ফ্রি-কিক শটে লক্ষ্যভেদ করেন।
এরপর ৫৬তম মিনিটে ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ হাতছাড়া করেন মো. মুর্শেদ আলী। ৬১তম মিনিটে পাকিস্তান একটি গোল শোধের চেষ্টা করলেও গোলরক্ষককে ফাউল করায় রেফারি তা বাতিল করে দেন। অবশেষে ৬৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন রোনান সুলিভান। সতীর্থের ক্রস থেকে আলতো হেডে তিনি দলের জয় নিশ্চিত করেন।
ম্যাচের ৮৪তম মিনিটে নাজমুল হুদা ফয়সাল ব্যবধান ৩-০ করার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। শেষ পর্যন্ত মার্ক এডওয়ার্ড কক্সের শিষ্যরা ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। ম্যাচে সুলিভান ব্রাদার্সের আরেক সদস্য ডেক্লান সুলিভান স্কোয়াডে থাকলেও তার অভিষেক হয়নি।
এই জয়ে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে রইল বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) দ্বিতীয় ম্যাচে লাল-সবুজরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে।