ঝিনাইদহ-১ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিতে অ্যাটর্নি জেনারেলের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. আসাদুজ্জামান।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে শৈলকূপা উপজেলা বিএনপি আয়োজিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি এ ঘোষণা দেন।
মো. আসাদুজ্জামান বলেন, ‘২৮ তারিখে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে ফিরে এসে সবাইকে সঙ্গে নিয়ে সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেব। এলাকার উন্নয়ন ও সন্ত্রাসমুক্ত শৈলকূপা গড়ার লক্ষ্যেই আমি এমপি হতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমরা ধানের শীষে ভোট করব। বিএনপির শীর্ষ পর্যায় থেকে আলহামদুলিল্লাহ সে বার্তাই আমাদের দেওয়া হয়েছে। আগামী ২৮ তারিখ থেকে চব্বিশ ঘণ্টা আপনাদের নিয়ে ভোটের মাঠে কাজ করব। আপনাদের সঙ্গেই থাকব।’
একটি দলের সমালোচনা করে তিনি বলেন, ‘একটি দলের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে বেড়াচ্ছেন। কিন্তু আমরা বিশ্বাস করি, আল্লাহ এক ও অদ্বিতীয়। কেয়ামতের ময়দানে ফয়সালা হবে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। ভোটের আশায় জান্নাতের টিকিট বিক্রি করা কুফরি। আপনারা সবাই বাড়ি বাড়ি গিয়ে মানুষের মধ্যে থাকা এই ভ্রান্ত ধারণা দূর করবেন।’
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কি, সহ-সাধারণ সম্পাদক বাবলু মোল্লাসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।