রাজধানীর কারওয়ান বাজার এলাকায় গুলিতে নিহত হয়েছেন আজিজুল হক মোসাব্বির নামে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতা। বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কারওয়ান বাজার মেট্রো স্টেশনের পাশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় আজিজুল হক মোসাব্বিরকে উদ্ধার করে নিকটবর্তী বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসা সূত্র জানায়, তাঁর পেটে তিন রাউন্ড গুলি লেগেছিল। একই ঘটনায় আনোয়ার হোসেন নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (এডিসি) ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্টার কাবাবের পাশের একটি গলিতে দুই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ দুজনকেই বিআরবি হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে তেজগাঁও থানাধীন পশ্চিম তেজতুরী বাজার এলাকায় অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র দিয়ে আজিজুল হক মোসাব্বিরকে গুলি করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর সেখানে তাঁর দলীয় নেতাকর্মীদের ভিড় জমাতে দেখা যায়।
গুলিবিদ্ধ নেতাকে হাসপাতালে ভর্তি করার খবর ছড়িয়ে পড়লে বিআরবি হাসপাতালের সামনে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রায় ৫০–৬০ জন নেতাকর্মী সোনারগাঁও ক্রসিং এলাকায় অবস্থান নিলে ওই এলাকার ইনকামিং সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
নিহত আজিজুল হক মোসাব্বির ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।