রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসা নিয়ে বিরোধের জেরেই ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, ঢাকা, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যার মূল পরিকল্পনাকারী মো. বিল্লাল, শুটার জিন্নাত ও মো. রিয়াজ এবং আসামিদের আত্মগোপনে সহায়তাকারী বিল্লালের ভাই আব্দুল কাদিরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
ডিবিপ্রধান জানান, মুসাব্বিরকে হত্যার সুপারি বিদেশ থেকে বিল্লালকে দেন তাঁর এক বড় ভাই। ১৫ লাখ টাকা ও মামলার সব দায়ভার নেওয়ার আশ্বাসে এতে রাজি হন বিল্লাল। পরে তিনি ৩ থেকে ৪ লাখ টাকা ও একটি মোটরসাইকেলের বিনিময়ে শুটার জিন্নাতকে ভাড়া করেন।
তিনি আরও বলেন, জিন্নাতের আগে রিয়াজকে হত্যার দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে হত্যার আগের দিন রিয়াজ মুসাব্বিরকে হত্যা না করেই ফিরে আসেন। পরে জিন্নাতকে দিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করা হয়।
ডিবির পক্ষ থেকে জানানো হয়, হত্যাকাণ্ডের ঘটনায় সিসিটিভির ফুটেজ সংগ্রহ ও প্রকাশ করা হয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উল্লেখ্য, গত বুধবার রাতে রাজধানীর তেজগাঁও থানার পশ্চিম তেজতুরি বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আজিজুর রহমান মুসাব্বির। এ ঘটনায় পরদিন তাঁর স্ত্রী সুরাইয়া বেগম তেজগাঁও থানায় অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।