লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নির্বাচনি প্রচারণা ও গণসংযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপি ও জামায়াত একে অপরকে দায়ী করেছে।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেডিকেল মোড় সংলগ্ন কসাইটারী এলাকায় এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও দলীয় সূত্র জানায়, লালমনিরহাট-১ (পাটগ্রাম ও হাতীবান্ধা) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান রাজীব প্রধান নির্বাচন করছেন। একই আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল ইসলাম রাজু। রোববার বিকেলে ওই এলাকায় দুই প্রার্থীর সমর্থকদের গণসংযোগ চলাকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের বিষয়ে জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু বলেন, “এখন পর্যন্ত সেখানে কী বিষয় নিয়ে সংঘর্ষ হয়েছে, আমি জানি না। কতজন আহত হয়েছেন, সেটাও বলতে পারব না। আপনারা সেখানে খোঁজ নিলে তথ্য জানতে পারবেন।”
অন্যদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে বিএনপি প্রার্থী হাসান রাজীব প্রধানকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ বলেন, বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের প্রচারণার সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। পুলিশ পৌঁছানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, বিষয়টি নির্বাচন আচরণবিধির আওতায় পড়ায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।