নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে খাসির মাংসের দোকানে কুকুরের মাংস বিক্রির অভিযোগ উঠেছে। রোববার সকালে স্থানীয়রা বিষয়টি জানতে পারলে অভিযুক্ত কসাইরা দোকান ছেড়ে পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে প্রায় ২৫ কেজি কুকুরের মাংস উদ্ধার করে।
স্থানীয়দের ভাষ্য, নেংড়াপীর-ইসবপুর সড়কের তেতুলতলী মোড়ে খাসির মাংস বিক্রেতা এনতাজুল ও তাঁর সহযোগী দুলু মৌলভী বাড়ি থেকে মাংস এনে খাসির মাংস হিসেবে বিক্রি করতেন। সকালে এনতাজুলের বাড়িতে কুকুর ধরে জবাই করা হয়েছে—এ খবর ছড়িয়ে পড়লে বাজারে আনা মাংস নিয়ে প্রশ্ন ওঠে। একপর্যায়ে অভিযুক্তরা মাংস ফেলে দোকান থেকে সরে যান।
প্রাণিসম্পদ দপ্তরের এআই টেকনিশিয়ান মিজানুর রহমান মিন্টু ঘটনাস্থলে গিয়ে কুকুর জবাইয়ের সত্যতা পান বলে জানান।
জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, ‘প্রায় ২৫ কেজি জবাই করা কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে। এগুলো অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্ত দুজনকে পাওয়া যায়নি।’
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোখলেছুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাংস উদ্ধার করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’