রাজধানীর মোহাম্মদপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ ফারুক ওরফে কালা ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে ঢাকার কেরাণীগঞ্জ থানার কলাতিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে মোহাম্মদপুরের বসিলা এলাকায় নিয়ে আসা হয় এবং পুলিশের পক্ষ থেকে তাকে সঙ্গে নিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে জনসচেতনতামূলক মাইকিং করা হয়।
ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বসিলা গার্ডেন সিটিসহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ফারুক ও তার সহযোগীরা চাঁদার দাবিতে হুমকি দিচ্ছিল। সম্প্রতি এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার হুমকির সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়লে পুলিশ তাকে ধরতে তৎপর হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেরাণীগঞ্জের ধলেশ্বরী নদীর তীর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযান শেষে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহমেদ আটককৃত ফারুককে সঙ্গে নিয়ে বসিলা সিটি হাউজিং ও ৪০ ফিট এলাকায় মাইকিং করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, ‘আপনারা কাউকে চাঁদা দেবেন না। এই দেখেন চাঁদাবাজকে ধরেছি। কোথাও চাঁদাবাজির ঘটনা ঘটলে আমাদের খবর দেবেন।’
পুলিশ জানায়, ফারুক স্থানীয়ভাবে চিহ্নিত সন্ত্রাসী। তাকে জনসম্মুখে নিয়ে মাইকিং করার উদ্দেশ্য হলো অন্যান্য অপরাধী ও দখলবাজদের সতর্ক করা এবং জনগণের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনা। অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে পুলিশের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।