ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির এই কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অফিসের ভেতরে থাকা চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে কয়েকজন দুর্বৃত্ত কার্যালয়টিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন দেওয়ার পর সেখানে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে আসবাবপত্রগুলো পুড়ে যায়।
মহেশপুর উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম জানান, গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বিতর্কের সৃষ্টি হয়েছিল। যদিও ওই দিনই বিষয়টি সমাধান করা হয়, তবে সেই ঘটনার জেরে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে দলীয় নেতা-কর্মীরা ধারণা করছেন।
ঘটনার খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ক্ষতিগ্রস্ত কার্যালয়টি পরিদর্শন করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আগুনে আসবাবপত্র পুড়ে গেলেও ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।