দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবনের পর বৃদ্ধ স্বামীর বিরুদ্ধে থানায় বিচিত্র এক অভিযোগ দিয়েছেন তার স্ত্রী। চাঁদপুরের শাহরাস্তি থানায় গত বৃহস্পতিবার (২ এপ্রিল) ৬৫ বছর বয়সী এক নারী তার ৭২ বছর বয়সী স্বামীর বিরুদ্ধে এই লিখিত অভিযোগ জমা দেন। স্ত্রীর দাবি, তার স্বামীর মুখে প্রচণ্ড দুর্গন্ধ হওয়ার কারণে তাঁর পক্ষে আর এক সঙ্গে থাকা সম্ভব হচ্ছে না।
শনিবার (৪ এপ্রিল) শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি দাপ্তরিকভাবে মামলা হিসেবে গ্রহণ না করে উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছিল। পরে স্বামী ও স্ত্রীর মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটমাট করে দেওয়া হয়েছে।
অভিযোগকারী ওই নারী জানান, তাঁর স্বামীর মুখের দুর্গন্ধ এতোটাই প্রকট যে তাঁর পাশে থাকা বা বসবাস করা কষ্টকর হয়ে পড়েছে। এ কারণেই তিনি অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। তবে তাঁর স্বামী এই অভিযোগ মানতে নারাজ। বৃদ্ধ স্বামীর দাবি, সামান্য বিষয় নিয়ে মাঝেমধ্যেই তাঁদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়। সেই রাগের মাথাতেই তাঁর স্ত্রী থানায় গিয়ে এমন অদ্ভুত অভিযোগ করেছেন। তবে বর্তমানে তাঁদের মধ্যে সমঝোতা হয়েছে বলে তিনি জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, এই প্রবীণ দম্পতির চারজন সন্তান রয়েছে। জীবনের শেষ প্রান্তে এসে দীর্ঘ চার দশকের সংসারের পর মুখের দুর্গন্ধ নিয়ে স্ত্রীর এমন থানায় যাওয়ার ঘটনাটি এলাকায় বেশ হাস্যরসের সৃষ্টি করেছে। স্থানীয়রা বিষয়টিকে বার্ধক্যজনিত খিটখিটে মেজাজ বা পারিবারিক মান-অভিমানের বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন। শেষ পর্যন্ত থানা পুলিশের মধ্যস্থতায় এই বিচিত্র অভিযোগের শান্তিপূর্ণ সমাধান হয়েছে।