জাদুসম্রাট পিসি সরকারের মেজ মেয়ে অভিনেত্রী মৌবনী সরকারের বিয়ে গত মাসে ধুমধাম করে সম্পন্ন হয়েছে। চন্দননগরের ছেলে সৌম্যের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। বিয়ের পর সংসার জীবনে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই নবদম্পতি।
বিয়ের পর মৌবনী ও সৌম্য ঘুরতে গিয়েছিলেন দার্জিলিংয়ে। এরই মধ্যে চন্দননগরের অলিগলি ঘোরা হয়ে গেছে নববধূর। সামনে প্যারিসে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন মৌবনী। অদূর ভবিষ্যতে সেখানেই হানিমুনে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। তবে তার আগে উত্তরবঙ্গে একটি ‘মিনি হানিমুন’ সেরে এসেছেন এই তারকা দম্পতি।
মৌবনীর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনোদন জগতের একাধিক পরিচিত মুখ। আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। যদিও সময় স্বল্পতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে একটি বিশেষ বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী, যা সামাজিক মাধ্যমে নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন মৌবনী।
অভিনেত্রীর পোস্ট করা ছবিতে দেখা যায়, নরেন্দ্র মোদি লিখেছেন— ‘মৌবনী এবং সৌম্য একসঙ্গে পথচলা শুরু করেছে। এই পথ যেন আরও সুন্দর হয়ে ওঠে—এই কামনাই করি।’ তিনি আরও লেখেন, ‘একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধায় ওরা জীবন এগিয়ে নিয়ে যাক। সারাজীবন একসঙ্গে থাকুক, আগামী প্রজন্মকে নিয়ে ভালো থাকুক। ভালোবাসা ও শুভেচ্ছা। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ।’
প্রধানমন্ত্রীর এই বার্তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মৌবনী সরকার। ফেসবুকে শেয়ার করা পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘এর থেকে বেশি খুশি আর কিছুতেই হওয়া যায় না। আমার এবং সৌম্যর বিয়ে উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভালোবাসাসহ এই বার্তা পেয়ে ভীষণ আনন্দিত। আমাদের আশীর্বাদ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের তরফ থেকে আপনাকে প্রণাম।’