ইরানের মিনাব শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ১৪৮ মেয়ে শিক্ষার্থী নিহত হয়েছে। মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে গতকাল শনিবার বর্বরোচিত এই হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে আরও ৯৫ জন আহত হয়েছে।
শনিবারের (২৮ ফেব্রুয়ারি) ওই ভয়াবহ হামলার পর উদ্ধারকারী দল ও স্থানীয় বাসিন্দারা এখনো ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলেছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
শহরটির গভর্নর এ ঘটনায় আজ রবিবার (১ মার্চ) এক দিনের শোক ঘোষণা করেছেন।
বার্তা সংস্থা আইআরআইবির প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, স্কুল ভবনের মেঝেতে আটটি মরদেহের ব্যাগ রাখা হয়েছে।
এদিকে, দেশটির দক্ষিণাঞ্চলের প্রদেশ লামের্দে একটি জিমনেশিয়ামে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ বেসামরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা ইরনা।
এক স্বাস্থ্যকর্মী জানিয়েছেন, জিমনেশিয়ামে যারা নিহত হয়েছে, তাদের প্রায় সবাই শিশু। ওই হামলায় আরো প্রায় ১০০ জন আহত হয়েছে।