ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মানসুরেহ খোজাসতেহ বাগেরজাদেহ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। সোমবার (২ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাতে আল-জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি শনিবার ভোরে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো ভয়াবহ সামরিক অভিযানে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই একই হামলায় খামেনির পরিবারের আরও বেশ কয়েকজন সদস্যের পাশাপাশি তাঁর স্ত্রী মানসুরেহ খোজাসতেহ গুরুতর আহত হয়েছিলেন। গত দুই দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত আজ তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করলেন।
মানসুরেহ খোজাসতেহ বাগেরজাদেহ ১৯৬৪ সালে আয়াতুল্লাহ খামেনির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাঁদের দাম্পত্য জীবনে চার পুত্র ও দুই কন্যা সন্তান রয়েছে। খামেনির দীর্ঘ রাজনৈতিক লড়াই এবং ক্ষমতার চার দশকে তিনি সবসময় লোকচক্ষুর অন্তরালে থেকে পরিবার সামলেছেন। স্বামীর মৃত্যুর দুই দিনের মাথায় তাঁর এই প্রয়াণে খামেনি পরিবারে শোকের ছায়া আরও ঘনীভূত হলো।
ইরান সরকারের ঘোষণা অনুযায়ী, খামেনির পরিবারের সদস্যদের দাফন প্রক্রিয়া এবং শোক পালনের বিষয়ে বিস্তারিত কর্মসূচি পরবর্তীতে জানানো হবে। বর্তমানে দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক চলছে।