ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার (৪ মার্চ) দুপুরে তেল হাশোমার নামের এই ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি।
হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর জেনারেল স্টাফের সদরদপ্তর হিসেবে ব্যবহৃত এই ঘাঁটিটি লক্ষ্য করে স্থানীয় সময় দুপুর ২টায় ড্রোনগুলো ছোড়া হয়।
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে হিজবুল্লাহর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, লেবানন থেকে আসা অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। এদিকে, হিজবুল্লাহর হামলা বৃদ্ধির প্রেক্ষাপটে লেবানন সীমান্তের অন্তত ছয়টি শহরের কয়েক কিলোমিটার ভেতরে ঢুকে অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা।
একই দিনে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংস্থাটির দাবি, কুর্দিস্তানে অবস্থানরত ইরান-বিরোধী সশস্ত্র গোষ্ঠী ‘কোমালা’ এবং অন্যান্য প্রতিবিপ্লবী গোষ্ঠীর সদরদপ্তর লক্ষ্য করে তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আইআরজিসি এই হামলাকে ‘সফল’ বলে অভিহিত করেছে।
উল্লেখ্য, গত মাসে ইরাকে নির্বাসিত কয়েকটি কুর্দি গোষ্ঠী বর্তমান ইরান সরকারকে উৎখাতের লক্ষ্যে একটি রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দিয়েছিল। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিআইএ-র সহায়তায় এই গোষ্ঠীর হাজার হাজার সদস্য অস্ত্রশস্ত্র নিয়ে ইতিমধ্যে ইরানে অনুপ্রবেশ করেছে। তারা বর্তমানে দেশটির বর্তমান সরকারের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।