হিজবুল্লাহর হামলা অব্যাহত থাকলে লেবাননের ভূখণ্ড দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি লেবানন সরকারকে এই চরম সিদ্ধান্ত জানিয়ে দিয়ে বলেছেন, ইসরায়েল লক্ষ্য করে আক্রমণ বন্ধ না করলে তাদের সামরিক বাহিনী লেবাননের ভূখণ্ডে সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে।
দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, হিজবুল্লাহর সাম্প্রতিক প্রচণ্ড হামলার প্রেক্ষিতেই এই হুঁশিয়ারি দিয়েছেন কাৎজ। তিনি বলেন, লেবানন সরকার যদি নিজেদের ভূখণ্ড নিয়ন্ত্রণে ব্যর্থ হয় এবং হিজবুল্লাহকে নিবৃত্ত করতে না পারে, তবে লেবানন দখল করে ইসরায়েলের সঙ্গে যুক্ত করে নেওয়া হবে।
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যেই এমন উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর হামলা শুরু হলে জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে পাল্টা আক্রমণ শুরু করে।
ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও লেবানন থেকে ইসরায়েল লক্ষ্য করে হামলা জোরদার করেছে। এর প্রতিক্রিয়ায় গত ২ মার্চ থেকে লেবাননে পাল্টা সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল।